ফেনীতে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে টিকা প্রত্যাশীরা
সারাদেশের ইউনিয়ন পর্যায়ে একযোগে শুরু হয়েছে গণটিকা প্রদান কার্যক্রম। করোনাভাইরাস রোধে গণ টিকাদানের প্রথমদিনে সারাদেশের ন্যায় ফেনীর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের টিকা কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের উপস্থিতি বেড়েছে চোখে পড়ার মতো।
প্রথম পর্যায়ে গ্রামাঞ্চলে টিকা নিয়ে নানা গুজব আর উদাসীনতায় টিকার প্রতি মানুষের বিমুখতা থাকলেও এই পর্যায়ে তা অনেকটাই বদলে গেছে।
শনিবার (৭ আগস্ট) জেলাজুড়ে বৃষ্টি উপেক্ষা করে পৌরসভা ও ইউনিয়নের আওতাধীন টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকটা উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এদিন বিভিন্ন বয়সের নারী-পুরুষরা টিকা গ্রহণ করেছেন।
তবে সকাল থেকে টিকার জন্য লাইনে দাঁড়িয়ে শেষ পর্যায়ে টিকা না পেয়ে অনেককে হতাশা আর ক্ষোভ নিয়ে কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়।
পূর্বনির্ধারিত সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকটি কেন্দ্রে দিনব্যাপী ২’শ টিকা প্রদান করার কথা থাকলেও বেশিরভাগ কেন্দ্রে এর বেশি সংখ্যক প্রত্যাশীদের লাইনে অপেক্ষা করতে দেখা যায়। যার ফলে পূর্বনির্ধারিত সময় আর নির্ধারিত টিকা শেষ হওয়ায় প্রথমদিনের মতো শেষ হয় গণটিকাদান কর্মসূচির কার্যক্রম।
এমতাবস্থায় টিকা না পেয়ে ফুঁসে ওঠে অনেকেই এই কার্যক্রমে প্রতিটি কেন্দ্রে টিকার পরিমাণ আরও বৃদ্ধি করার দাবি জানান।
এর আগে শনিবার সকালে জেলায় গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা সিভিল সার্জন রফিক-উস ছালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায় ,ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ ভবন বিভিন্ন বিদ্যালয়ের সুবিধামতো স্থানকে কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। প্রতি কেন্দ্রে তিনটি বুথ রাখা হয়েছে আর প্রতিটি বুথে দুইজন টিকাদানকারি ও তিনজন স্বেচ্ছাসেবক রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে সুপারভাইজার রয়েছে।
জেলার ৪৫ টি ইউনিয়নের ৪৫ টি কেন্দ্রে ১৪০ টি বুথ ও ফেনী পৌরসভার আঠারোটি ওয়ার্ড রয়েছে । ১৫৮ টি বুথের প্রতিটিতে ২০০ জনকে টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কাজ করছে।
কামরুল হাসান ছিদ্দিকি সুজন/বার্তা বাজার/এসবি