চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষামূলক গণটিকা কার্যক্রম শুরু
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের পরীক্ষামূলক গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় একযোগে এ টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা সংক্রমণ রোধকল্পে দেশব্যাপী কোভিড-১৯ টিকা কার্যক্রমের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়েছে।
শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতী অনুযায়ী পরীক্ষামূলক টিকা দেয়া শুরু হয়েছে। এ এলাকায় শতভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলার ৪৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫/৬’শ জনকে ৭ আগস্ট থেকে পরীক্ষামূলক টিকা দেয়া শুরু করা হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে এর মূল কার্যক্রম শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখযুদ্ধের যোদ্ধা, বয়স্ক ও প্রতিবন্ধীরা এ টিকা গ্রহন করবে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ও শিবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য,জেলার ৪৫ ইউনিয়নে ৬’শ করে মোট ২৭ হাজার এবং পৌরসভা মিলে মোট ৩০ হাজার টিকা দেয়া হচ্ছে।
আব্দুস সোবহান তারেক/বার্তা বাজার/এসবি