কেরানীগঞ্জে করোনার গণটিকা কার্যক্রমের উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় শনিবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক মো: শহিুদুল ইসলাম।
ভোর থেকে কেন্দ্রে টিকা আগ্রহীদের ভিড় দেখা গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সার্বিক সহযোগিতায় সুশৃংখলভাবে সাধারন মানুষকে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে। টিকাদান কর্মসূচি উপলক্ষে আগানগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ২০০ করে মোট ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।
এক্ষেত্রে বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে উপজেলা প্রশাসন বরাবর তালিকা পাঠানো হয়েছে। তবে তালিকার বাইরে আরো ১০০ জনকে টিকা প্রদানের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি।
এদিকে, একই সাথে শুভাঢ্যা ও জিনজিরা ইউনিয়নসহ উপজেলার ১২টি ইউনিয়নে সাত হাজার দুই’শ জনকে এবং প্রথম ধাপে ১২টি ইউনিয়নে সর্বমোট একুশ হাজার ছয়’শ জনকে করোনার টিকা দেয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
জেলা প্রশাসক মোঃ শহিুদুল ইসলাম বলেন, টিকা পর্যাপ্ত রয়েছে। যারা আগে থেকে রেজিস্ট্রিশন করেছেন তারাই টিকা নিতে এসেছেন। এখানে ৩টি বুথের মাধ্যমে ৬০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে একই সাথে সুশৃংখলভাবে টিকা দেওয়া হচ্ছে। যা ধারাবাহিক ভাবে চলতে থাকবে। এসময় তিনি স্বেচ্ছায় টিকা গ্রহনের জন্য সকলকে আহবান জানান ।
টিকাদান কর্মসূচিতে এসময় উপস্থিত ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার সিভিল সার্জন ডা: মইনুল আহসান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মশিউর রহমান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি