সাভারের ১২টি ইউনিয়নে গণটিকাদান কর্মসূচি শুরু

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভার উপজেলার ১২টি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণটিকাদান কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত।

সরেজমিনে কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকেই টিকা গ্রহনের জন্য নিবন্ধনকৃত নারী-পুরুষ জমায়েত হয়েছেন। প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় সাভার উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যগণ।

এদিকে, ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সাভারের ১২টি ইউনিয়নে চলমান গণটিকাদান কর্মসূচি পরিদর্শন করেন।

এসময় গণমাধ্যমকে তিনি জানান, শনিবার থেকে দেশের সকল উপজেলার ইউনিয়নের ওয়ার্ডে এবং পৌরসভার ওয়ার্ডে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৬০০ করে টিকা প্রদান করা হয়েছে। একমাস পরে তাদের দ্বিতীয় ডোজ দিতে আর অন্য কোথাও যেতে হবে না, তাদের নিজ ওয়ার্ডেই তারা টিকা গ্রহন করতে পারবেন।

এসময় সিভিল সার্জন স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষক এবং টিকা কার্যক্রমে সম্পৃক্ত স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, শনিবার (৭ আগস্ট) থেকে সাভার উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

শুধুমাত্র যাদের নিবন্ধন করা আছে এবং বয়স অবশ্যই ২৫ বছর বা তারচেয়ে বেশি তারাই এই কার্যক্রমের আওতায় আসবে। ২৫ বছরের নিচে ও জাতীয় পরিচয় পত্র ব্যতিত কাউকে ভ্যাকসিন দেওয়া যাবে না। টিকা প্রদানে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী ও প্রতিবন্ধিদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর