বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় হাজার শয্যার কোভিড ফিল্ড হাসপাতালের উদ্ভোধন করেন।
এ সময় মন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরইমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ৬ কোটি ডোজ টিকার চুক্তি করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই অনুমোদন দিয়েছেন। এ নিয়ে চীন থেকেই সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে।
তিনি বলেন, এসব টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই ২ কোটি করে মোট ৪ কোটি ডোজ টিকা আসবে। এর আগেও আসবে, তবে কিছুটা কম করে।
এর আগে বিএসএমএমইউ’র হাজার শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন মন্ত্রী। করোনা সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ দিনদিন খারাপ হচ্ছে। হাসপাতালগুলোতে কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় সারাদেশে ১৭ হাজার সাধারণ বেড রয়েছে। তবে সেগুলোর প্রায় সবগুলোই রোগীতে ভর্তি হয়ে গেছে।
জাহিদ মালেক বলেন, হাসপাতালগুলোতে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সংক্রমণ কমানোর সময় এসেছে। হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই।
বার্তবাজার/পি