চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মাহিরন বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) মধ্য রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিরন বেগম (৬৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আশাননগর গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
জানা যায়, শুক্রবার বিকালে হেটে বাড়ি থেকে গ্রামের মুদি দোকানে আসছিলেন মাহিরন বেগম। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে রক্তাক্ত জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বার্তা বাজারকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্তর কুমার ঘোষ/বার্তাবাজার/পি