পরীমনির সঙ্গে সম্পর্ক রয়েছে, তবে প্রেমের সম্পর্ক নয়: ডিবি কর্মকর্তা

চিত্রনায়িকা পরীমনি কাণ্ডে নাম জড়িয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম সাকলায়েনের। বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার পরিচয়। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। একসঙ্গে গাড়ি নিয়ে ঘোরাঘুরি ও দুজনের বাসায় দুজনেই যাতায়াত করেছেন।

মাদককাণ্ডে র‍্যাবের হাতে পরীমনি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। পরীমনি গ্রেফতারের পর সবকিছু অকপটে স্বীকার করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে গোলাম সাকলায়েন বলেন, ‘পরীমনির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে তা প্রেমের সম্পর্ক নয় এবং তারা বিয়েও করেননি।

তিনি বলেন, মামলার চার্জশিট জমা দেয়ার পর, পরীমনি কেনো যেকোনো কারো সঙ্গে সম্পর্ক চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তবে কোনো কোনো মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, পরীমনি তার বাসায় যাওয়ার কথা অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন। তবে বাসায় যাওয়ার সিসিটিভি ফুটেজের কথা জানালে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমনি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর