করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ অমান্য করে বৌভাতের আয়োজন করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বৌভাতের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার ( ৬ আগস্ট ) বালিয়াকান্দির সদর ইউনিয়নের যদুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা।
বরের নাম সুকান্ত চন্দ্র রায় (৩০)। তিনি বালিয়াকান্দি উপজেলার সদরের যদুরমোড়ের গোপাল রায়ের ছেলে।
বুধবার (৪ আগস্ট) রাজবাড়ী সদরের পাচুরিয়াতে বিধি-নিষেধ অমান্য করে বিয়ে করে শুক্রবার (৬ আগস্ট) বিয়ের বৌভাতের আয়োজন করা হয়। এ আয়োজনকে ঘিরে কয়েকশত আমন্ত্রিত অতিথি উপস্থিত হন বরের বাড়ীতে। এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পাই বিধি-নিষেধ উপেক্ষা করে জাঁকজমক ভাবে বৌভাতের আয়োজন করেছে সুকান্ত নামের এক ব্যক্তি। অভিযোগের সত্যতা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ভাবে বরের বাড়ীতে গেলে অভিযোগের সত্যতা মেলে। পরে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনায় সহযোগিতা করেন বালিয়াকান্দি থানা পুলিশ। থানার সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) মো: ইলিয়াস হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসবি