জবি ছাত্র কল্যাণ পরিচালক নিজেই ছাত্রদের ব্যাপারে উদাসীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর ছাত্রকল্যাণ পরিচালক নিজে জানেন না বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত কিংবা আক্রান্তদেরও কোন সহায়তা দেয়া হয়েছে কিনা।
শুক্রবার (৬ জুলাই) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী’র সাথে সাংবাদিক পরিচয়ে এসব তথ্য জানতে চাইল উল্টো তিনি সাংবাদিককে ব্যক্তিগত প্রশ্ন করেন।
তার কাছে জানতে চাওয়া হয় এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন এর উত্তরে তিনি বলেন, আমার কাছে তথ্য নাই।
করোনা আক্রন্ত কতজন শিক্ষার্থীকে সহায়তা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটাও আমি জানি না। কোথায় এ তথ্য পাবো জানতে চাইলে তিনি বলেন, এটাও আমি জানি না। এভাবে কথা বলে ফোন কেটে দেন তিনি। যদিও এসব তথ্য ছাত্রকল্যাণ পরিচালকের জানা থাকার কথা।
বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, জবির ছাত্র কল্যাণ পরিচালক নামেই আছে, কোন কাজের না। কোন ধরনের ছাত্র কল্যাণ মূলক কাজে সম্পৃক্ত নয় জবির ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর।
গণিত বিভাগের শিক্ষাথী হাফিজুল ইসলাম জানান, আর্থিক সঙ্কট নিয়ে ছাত্রকল্যাণ পরিচালকের কাছে গেলেও এটা করো ওটা করো বলে সময় ক্ষেপন করেন কিন্তু কোন ধরনের সহায়তা করেননি।
অনুসন্ধানে জানা যায় এর আগেও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল বাকীর বিরুদ্ধে সাংবাদিকের সাথে অসৌজন্য মূলক ব্যবহার, ফোন কেড়ে নেয়ার মতো ঘটনা ঘটিয়েছিলেন। তিনি ‘সকল সংবাদিক বেয়াদব’ মন্তব্য করে বিতর্কিত হন।
তার বিভাগের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি ক্লাসেও ঠিক মতো আসতেন না সব সময় শিক্ষার্থীদের নানা ধরনের হেনস্তা করতেন। একটা কিছু হলেওই অভিভাবককে ফোন দিয়ে নানা কথা বলতেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জবির একজন সিনিয়র অধ্যাপক বলেন, আমাদের ছাত্রকল্যাণ পরিচালকের সারা বছর কোন কাজ নেই। এমন একজন অযোগ্য লোককে এমন একটি সেনসিটিভ জায়গায় দায়িত্ব দেয়ার কারণ কী আমাদের বুঝে আসে না।
বিষয়টি নিয়ে আরো জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী কে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে জানতে চাইলে জবির ভিসি অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, প্রশাসনের কেউ সাংবাদিকের সাথে এমন আচরণ করবে কেন? আমি তো এসব জানি না। আমি উনার সাথে কথা বলব। এর আগেও উনার বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা আমি জানি না। আমি সব বিষয়ে কথা বলব।
মোঃ সুমন /বার্তা বাজার/এসবি