ফরিদপুরে গৃহহীন ও ভূমিহীনদের আবাসন এলাকা ‘স্বপ্ননগর’ উদ্বোধন
ফরিদপুরের আলফাডাঙ্গায় নগরের সব সুবিধা নিয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ‘স্বপ্ননগর’ নামে বিশেষ একটি আবাসন এলাকা তৈরী করা হচ্ছে।
শুক্রবার (৬ আগস্ট) সকাল ১১টায় আবাসন এলাকাটির নানা স্থাপনা উদ্বোধন করেছেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। পরে আবাসন এলাকায় উপকারভোগীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাংসদ মনজুর হোসেন। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ও পৌর মেয়র সাইফুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্বপ্ননগর আবাসন এলাকার সকল উপকারভোগীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে বরাদ্দকৃত ২৫০টি ঘরকে কেন্দ্র করে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে ৩৩ একর জমির ওপর ‘স্বপ্ননগর’ আবাসন এলাকাটি তৈরী করা হচ্ছে।
এ আবাসন এলাকায় গৃহ নির্মাণের পাশাপাশি তৈরী করা হচ্ছে মসজিদ, মন্দির, একটি উচ্চ বিদ্যালয়, হাট, খেলার মাঠ, ইদগাহ মাঠ, গোরস্থান, শ্মশান, কমিউনিটি ক্লিনিক, শিশুপার্ক, ইকো পার্ক ও সামাজিক বনায়ন। এছাড়াও সকল উপকারভোগীদের জন্য ৩৮টি গভীর নলকূপের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থাও করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি