বজ্রপাতে নিহত হওয়া যুবকের কঙ্কাল চুরি

ভোলার চরফ্যাসনে চার বছর আগে বজ্রপাতে নিহত হওয়া শিবলু প্যাদা (১৮) নামের এক যুবকের কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৭নংওয়ার্ড যুবকের বাড়ি সংলগ্ন আবু মাস্টার বাড়ির দরজার জামে মসজিদের কবরস্থান থেকে ওই যুবকের কঙ্কালটি চুরির ঘটনা ঘটে।

শুক্রবার (৬ আগষ্ট) যুবকের পিতা সিরাজ প্যাদা জানান, চার বছর আগে তার ছেলে শিবলু (১৮) নদী থেকে মাছ ধরে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে নিহত হন। নিহত শিবলুকে তার বাড়ি সংলগ্ন আবু মাস্টার বাড়ির দরজার জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে ওই কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কালটি চুরি করে নিয়ে যায়। কবরস্থানে পাশে বসবাসরত বাসিন্দারা শিবলুর কবরটি খোড়া দেখে শুক্রবার সকালে তাদেরকে জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে কঙ্কাল শুন্য খোড়া কবরটি দেখতে পান। তিনি বিষয়টি দক্ষিণ আইচা থানা পুলিশকে অবগত করেছেন।

দক্ষিণ আইচা থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি শুনেছি তবে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

আরিফ হোসেন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর