আলফাডাঙ্গায় ‘মুজিব শতবর্ষ পার্ক’ উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একমাত্র স্থাপনা ‘মুজিব শতবর্ষ পার্ক’। শুক্রবার (৬ আগস্ট) বিকাল ৩টায় পার্কটির শুভ উদ্বোধন করেছেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ও জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভেতরে পার্কটিতে আছে শিশু-কিশোর সহ সকল বয়সীদের জন্য নানা আয়োজন। দৃষ্টিনন্দন চোঁখ-ধাধানো রুপের পসরা মেলে ধরেছে পার্কটি।

দেশের অন্যতম বড় দু’টি রঙ্গীন পানির ফোয়ারা পার্কের প্রধান আকর্ষণ। আছে শিশুদের জন্য স্পেশাল খেলাধুলা ও রাইডের আয়োজন নিয়ে আলাদা কিডস জোন। রয়েছে বাঘ, সিংহ, হরিণ, ক্যাংগারু, ডাইনোসরসহ নানা ধরণের প্রাণির প্রতিকৃতি। ওপেন জিমনেসিয়ামে ব্যায়াম করা যাবে ইচ্ছেমত।

আছে হাঁটা ও জগিংয়ের জন্য স্পেশাল রানিং ট্র‍্যাক। রয়েছে ব্যাডমিন্টন কোর্ট। নানা দেশি-বিদেশি ফুল ফল গাছে সজ্জিত পুকুর পাড়ের বেঞ্চিতে বসে কাটিয়ে দেওয়া যাবে ঘন্টার পর ঘন্টা। পুকুরের শান্ত জলে বোটিং করে আলাদা অনুভূতি পাওয়া যাবে সহজেই।

মুজিব শতবর্ষ পার্কের সৌন্দর্য পুরোটাই উপভোগ করতে আসতে হবে সন্ধ্যার পর। এর মোহনীয় ও অনন্য আলোকসজ্জা চোখ ধাঁধিয়ে দেবে যেকেউ-ই। অনুভব করা যাবে একটি উন্নত নগরীর পরিচ্ছন্ন রূপ। রাজধানী হতে অনেক দূরে ছোট্ট এ উপজেলায় বসে পাওয়া যাবে উন্নত শহরের মত গড়ে উঠা পরিকল্পিত এ পার্কটিতে পরিপূর্ণ বিনোদন।

ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় গড়ে উঠা এ পার্কটিকে জাতীয় মানের উন্নত করার জন্য উপজেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, ‘শীঘ্রই আসছে ফুডকোর্ট, পার্টি সেন্টার, জিম্নেসিয়াম, রিসোর্ট, হ্যালিপ্যাড, পিকনিক জোন ও ১ কিলোমিটার দৈর্ঘের রানিং ট্র‍্যাক। বর্তমান ৫ একর জুড়ে এ পার্কটিকে ছড়িয়ে দেয়া হবে পরিষদের ২২ একর জুড়েই।

পরিবার ও প্রিয়জন নিয়ে সুস্থ ও নির্মল বিনোদন উপভোগ করার নিমিত্তে মুজিব শতবর্ষ পার্ক। করোনা মহামারী কেটে গেলে প্রতিদিন বিকেল ৪ টা হতে রাত ৮টা পর্যন্ত এ পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর