ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল মেহেদী হাসান (২২) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসপি মারুফ হোসেন সরদার বলেন, আজ দুপুরের দিকে প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। তার রাইফেলে গুলি লোড করা ছিল। মনে হচ্ছে, হয়তো মেহেদি আত্মহত্যা করেছেন, না হয় অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে গেছে। সিআইডির অপরাধ শনাক্ত দল ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে।
রমনা থানার উপ পরিদর্শক (এসআই) আ. ছালাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই কনস্টেবলকে বিকেল পৌনে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই কনস্টেবলের থুতনি দিয়ে গুলি ঢুকেছে। ধারণা করা হচ্ছে, নিজের সঙ্গে থাকা সরকারি অস্ত্র দিয়েই গুলি করে আত্মহত্যা করেছে সে। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে।
পুলিশ কর্মকর্তারা জানান, মেহেদী হাসানের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহেলা গ্রামে। সে ঢাকা জেলা পুলিশে কর্মরত। সে মিলব্যারাকে থাকতো। তার কনস্টেবল নম্বর ১৩২৫। তার বাবার নাম আব্দুল হানিফ।
বার্তা বাজার/নব