ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার(৬ আগস্ট) সকালে জেলার বিজয়নগরের ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হাই হবিগঞ্জের বাহুবলের দক্ষিণ ডোবাই গ্রামের আফতাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের ইসলামপুর এলাকায় সিলেটগামী মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক আবদুল হাই। পরে পিকআপ ভ্যানের আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, আমরা মহাসড়কে দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত পিকআপ চালকের মরদেহ থানায় আছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সস্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি