পরীমণির অবৈধ কাজে জড়িতদেরকেও গ্রেফতার করা হবে: হারুন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির অবৈধ কাজে যারা জড়িত তাদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পরীমনি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতেন, সেগুলো কাদের সহযোগিতায় করতো, কাদের নিয়ে করতো, এসব কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে আমরা তাদের নাম পেয়েছি। যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে।

এসময় প্রযোজক রাজের ব্যাপারে তিনি বলেন, রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। সে ছোট একটা চাকরি করতো। এরপর সে মডেলদের নিয়ে ঘরে পার্টি করতো ও উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিতো। তার কাছ থেকেও আমরা অনেক তথ্য পেয়েছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পরীমনি ও রাজের মাদকের দুই মামলার তদন্তের দায়িত্ব ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) মাদক মামলায় পরীমনিসহ চারজনকে রিমান্ড দিয়েছেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর