সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দুইদল।

মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

আজকের ম্যাচ জিততে পারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সাকিব-রিয়াদরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দাঁড়াতেই পারছে না অজিরা। টাইগার স্পিনারদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে অজি ব্যাটসম্যানদের। একই সঙ্গে টাইগারদের পেসাররাও দুর্দান্ত পারফর্ম করছেন। মুস্তাফিজের স্লোয়ার আর কাটারে নাকাল অজিরা।

সিরিজ জিততে চাইলে বাকি তিন ম্যাচেই জিততে হবে অস্ট্রেলিয়াকে। এদিকে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার। সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দুই ম্যাচে সৌম্য সরকার ব্যর্থ হলেও উইনিং কম্বিনেশন নিয়েই খেলবে টাইগাররা।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর