বগুড়ার শেরপুরের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার(৫ আগস্ট) রাতে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ধর্ষক মজনু মিয়া (২৩) কে আটক করেছে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির আরশেদ চৌকিদারের ছেলে মজনু মিয়া কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই গৃহবধুর স্বামী গত বৃহস্পতিবার সকালে মির্জাপুর বাজারে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেলে দুপুর ১২টার দিকে ওই গৃহবধু তার ঘরে একমাত্র শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে মজনু মিয়া তার ঘরে ঢুকে গৃহবধুর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ওই গৃহবধু ঘুম থেকে জেগে গেলে ধর্ষক মজনু মিয়া তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য আবারো হুমকি দিয়ে চলে যায়।
পরে তার স্বামী বাড়িতে আসলে এ বিষয়টি নিয়ে আলোচনা করে ওইদিন রাতে শেরপুর থানায় ধর্ষিতা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করে। পরে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকের বাড়ি থেকে মজনু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাশেদুল হক/বার্তাবাজার/পি