দেশের বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ জাতীয় পদক দেওয়া হচ্ছে ৫ জন নারীকে। রোববার (৮ আগস্ট) এই পুরস্কার তুলে দেওয়া হবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গণভবনে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৬ আগস্ট) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
এতে সার্বিক বিষয় তুলে ধরে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা বলেন, এবারই প্রথম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পালন করা হবে এ অনুষ্ঠান। ঢাকাসহ সারা দেশের বিভাগ, উপজেলা পর্যায়েও একই সময়ে বিভিন্ন আয়োজন করা হবে।
তিনি বলেন, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ৪ হাজার নারীকে ৪ হাজার সেলাই মিশন বিতরণ ও দুস্থ দুই হাজার নারীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা প্রদান করা হবে।
২০২১ সালে পদক প্রাপ্তদের তালিকায় রয়েছেন- কৃষি ও পল্লি উন্নয়নে অবদানের জন্য পাবনা জেলার মোছা. নুরুন্নাহার বেগম, রাজনীতিতে কুমিল্লা জেলার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মমতাজ বেগম (মরণোত্তর), শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইলের জয়াপতি (মরণোত্তর) ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হবেন নেত্রকোনা জেলার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহিদ)।
পদকপ্রাপ্তরা প্রত্যেকেই আঠারো ক্যারেটের চল্লিশ গ্রাম স্বর্ণপদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননা পত্র।
বার্তাবাজার/এম