টিকা সংক্রমণ রোধ করতে পারছে না: ওয়ালেনস্কি

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রিশেল ওয়ালেনস্কি বলেন, পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হলে তারাও সংক্রমণ ছড়াতে পারেন।

শুক্রবার (৬ আগস্ট) সংবাদমাধ্যম সিএনএন’র একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও আমাদের টিকাগুলো খুব ভালোভাবে কাজ করছে। কিন্তু, এগুলো সংক্রমণ রোধ করতে পারছে না।

এ কারণে সিডিসি গত সপ্তাহে তাদের নির্দেশনা পরিবর্তন করেছে এবং এখন টিকা নেওয়া লোকদের পুনরায় ঘরের ভেতরে মাস্ক পরার পরামর্শ দিয়েছে বলেও ওয়ালেনস্কি জানান।

গত সপ্তাহে ডেলটা ভ্যারিয়েন্টের আক্রান্ত টিকা নেওয়া বা না নেওয়া ব্যক্তিরা সমভাবে আক্রান্ত হতে পারে বলে সংস্থাটির একটি গবেষণায় দেখা যায়।

ওয়ালেনস্কি বলেন, কাউকে টিকা দেওয়া হয়নি বা টিকা দেওয়া যাচ্ছে না, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন কারো সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। তা না হলে সে ঝুঁকিতে পড়বে।

ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে বিপজ্জনকভাবে সংক্রমণ বাড়িয়ে দিয়েছে। আমেরিকানরা যদি টিকা না নেন এবং মাস্ক না পরেন তাহলে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিদিন করোনা রোগীদের কয়েক লাখ ছাড়াতে পারে বলে তিনি জানান।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর