আট সপ্তাহে আট কোটি মানুষের টিকা হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বর মাসের ১ম সপ্তাহে আসতে যাচ্ছে ফাইজারের ৬০ লাখ টিকা। কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের টিকা আসছে সামনের সপ্তাহে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রতি সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেবে। তার অর্থ হচ্ছে আট সপ্তাহে আট কোটি মানুষ, অর্থাৎ অর্ধেক মানুষের টিকা হয়ে যাবে। তবে একে তো টিকার সরবরাহ, আর সব টিকা এনে আমরা একসঙ্গে রাখতে পারি না। এজন্য পর্যায়ক্রমে টিকা আনা হচ্ছে। এই প্রোগ্রামে তারা আছেন। এদিক-ওদিক একটু হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রোগ্রাম নিয়েছে ৭ আগস্ট অনেক মানুষকে টিকা দেবে। বর্তমানে ১ কোটি ২৩ লাখ টিকা রয়েছে।

তিনি আরও বলেন, ভারত আমাদের বলেছে যে তাদের অবস্থার উন্নতি হচ্ছে। একটু উন্নতি হলে তারা তাদের প্রতিশ্রুতি রাখবে। আমরা সঠিক পথেই এগোচ্ছি। তবে আমি চাই যে, যৌথ উৎপাদন শুরু হোক। যৌথ উৎপাদনের চুক্তি সই হওয়ার পর কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ উৎপাদন প্রস্তুতিতে লেগে যাবে।

চীনের সঙ্গে যৌথ উৎপাদন চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি যেকোনো মুহূর্তে হবে। বাংলাদেশের কাছে খসড়া ১৬ জুলাই পাঠিয়েছে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ও যাচাই-বাছাই করে পরের দিনই পাঠিয়ে দিয়েছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আছে। যেকোনো মুহূর্তে এটি সই হবে। এছাড়া রাশিয়ার সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। করোনার তৃতীয় ঢেউয়ের কারণে তারা অফিস করছে না। সেজন্য চুক্তিটি দেরি হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর