দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই গরুসহ দুজন কসাই ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৩ লাখ টাকা মূল্যের ৫টি চোরাই গরু। বৃহস্পতিবার (০৫ আগষ্ট) মধ্যরাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে রবিউল ইসলাম (৪৫) এবং তার ছেলে আরিফুল ইসলাম (২২)। তারা দুজনেই পেশায় কসাই।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৫ আগষ্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সারোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল সিংড়া ইউপির রবিউল কসাইয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার গোয়ালঘর থাকা ৫টি গরুর বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে কোন উত্তর দিতে পারেনি এবং ক্রয়কৃত এসব গরুর চালান রশিদ দেখতে চাইলে, কসাই রবিউল স্বীকার করে এসব চোরাই গরু। গত বুধবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে কসাই রবিউল ও তার ছেলে দুটি গরু চুরি করে এনেছে। বাকি ৩টি গরু আরেকটি চোর চক্র চুরি করে বিক্রি করার জন্য তার বাড়িতে রেখে গেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আটক দুজন ব্যক্তিসহ গরু চুরির সাথে জড়িত আরো ৪ জনের নামে আমরা মামলা করেছি। আটক দুজনকে শুক্রবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান আছে।
মোঃ লোটাস আহম্মেদ/বার্তাবাজার/পি