মিয়ানমারে চলমান সহিংসতার মধ্যে গহীন জঙ্গল এলাকা থেকে ৪০টি মরদেহ খুঁজে পেয়েছে সেনা সরকারের বিরুদ্ধে লড়ে যাওয়া একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয়রা। মরদেহগুলোতে নির্যাতনের চিহ্নও রয়েছে বলে জানিয়েছেন মিলিশিয়া বাহিনীর এক সদস্য।
গত কয়েক সপ্তাহে দেশটির সাগাইং অঞ্চলে কানি শহরের আশেপাশে বিভিন্ন স্থানে মরদেহগুলো পাওয়া গেছে। এই অঞ্চলে সামরিক শাসনের বিরোধীদের গড়ে তোলা মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে। আর সেখানকার জঙ্গল থেকেই এতগুলো মরদেহ উদ্ধারের খবরে মূর্ত হয়ে উঠেছে মিয়ানমার জান্তা সরকারের চলমান নৃশংসতার চিত্র।
তবে বার্তা সংস্থা রয়র্টাস মরদেহ খুঁজে পাওয়ার দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাওয়া যায়নি।
কানি মিলিশিয়া বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন, এলাকাটিতে লড়াই এখন মূলত থেমে গেছে। আরও লাশ সেখানে খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
কানি মিলিশিয়ার এই সদস্য জানান, “প্রত্যন্ত ওই অঞ্চলের বেশিরভাগ গ্রামবাসীই কাছের শহরগুলোতে পালিয়ে গেছে।” মিয়ানমারের সেনাবাহিনী এবং জান্তাপন্থি একটি মিলিশিয়া বাহিনী এলাকাটিতে প্রতিশোধমূলক হত্যাযজ্ঞ এবং লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বার্তাবাজার/পি