সেই মালাকে শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
সাভারে পাওয়া সেই শিশু মালা (১৩) কে অবশেষে গাজীপুরের টঙ্গীতে সমাজসেবা অধিদপ্তরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শিবলীজ্জামান।
সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে জানা যায়, গত ২ আগষ্ট, ২০২১ তারিখে জনৈক মেয়ে শিশুকে রাস্তায় ইতস্তত ঘুরাফিরা করতে দেখেন আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর কবরস্থান রোডের বাসিন্দা সুবেদার (অবসর প্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কাশেম। এসময় মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের নাম মালা ছাড়া আর কিছু জানাতে পারেনা। পরে মেয়েটিকে তিনি তার হেফাজতে নিজ বাসায় নিয়ে যান।
পরে তিনি বিষয়টি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীসহ সাভার উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামানকে অবহিত করেন। সকলের যৌথ প্রচেষ্টায়ও শিশুটির অভিভাবকের কোন সন্ধান পাওয়া যায়না।
পরবর্তীতে ঢাকার সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত এবং সংশ্লিষ্ট ইউনিয়ন স্বনির্ভর ধামসোনার দায়িত্ব প্রাপ্ত কারিগরী প্রশিক্ষক আলেয়া বেগম এবিষয়ে অনুসন্ধানপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিল করেন। তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক শিশু মালাকে সুবিধা বঞ্চিত শিশু হিসেবে শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এব্যাপারে সাভার উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শিবলীজ্জামান বার্তা বাজারকে জানান, সুবিধা বঞ্চিত শিশু হিসেবে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে প্রাপ্ত শিশু মালাকে সাভার উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক শিশুটিকে আশ্রয় ও প্রশিক্ষণ প্রদানের জন্য গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। তার স্বাভাবিক জীবনযাপনের জন্যই মূলত তাকে এখানে নিয়ে যাবার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, এই প্রতিবেদন লেখাকালীন সাভার থেকে গাজীপুরের ওই সমাজসেবা অধিদপ্তরের শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্দেশ্যে শিশু মালাকে নিয়ে মোহাম্মদ শিবলীজ্জামান রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসবি