কেরানীগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব
ঢাকার কেরানীগঞ্জে চার শিশুকে কারখানায় আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় কারখানার মালিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্প্রতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, গত বুধবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের কে সি সাহ এলাকার রাইফা মেটাল নামে একটি কারখানায় অভিযান চালিয়ে নির্যাতিত চার শিশুকে উদ্ধার করেন।
পরে শিশু নির্যাতনের অপরাধে কারখানার মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ চার হাজার ত্রিশ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আব্দুল মালেক (৬৩), মোঃ রাজিব আহমেদ (১৯), মোঃ মামুন (২৭) ও মোঃ সাদেক (১৯) । অন্যদিকে নির্যাতিতরা হলো মোঃ রনি (১১), মোঃ আসিফ (১২), মোঃ জাহিদ (১১) ও মোঃ ইয়াসিন (৯) ।
র্যাব জানায়, গত মঙ্গলবার আনুমানিক রাত সোয়া ১২টার দিকে ২/৩ কেজি পরিত্যক্ত জিআই তার নিয়ে যাওয়ার অপরাধে কারখানা মালিকের ছেলে মোঃ রাজিব এর নেতৃত্বে ওই ৪ শিশুকে বাসা থেকে ধরে এনে রাইফা মেটাল নামের ওই কারখানায় অন্যায়ভাবে আটকে রাখে।পরে রাত সাড়ে ১২টার দিকে শিশুদের অবিভাবকরা শিশুদেরকে ছাড়িয়ে আনতে কারখানায় যায়।
কিন্তু কারখানার মালিকের ছেলে মোঃ রাজিব শিশুদের না ছেড়ে সেখানে আটকে রেখে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় লোহার রড এবং কাঠের রুলার দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে লীলা-ফুলা ও রক্তাক্ত জখম করে। কারখানার মালিকের ছেলে মোঃ রাজিব এতেও ক্ষান্ত না হয়ে রাগের মাথায় শিশুদের মাথার চুল কেচি দিয়ে এলোপাতারিভাবে কেটে দেয়।
বিষয়টি কারখানার মালিককে জানালে কারখানার মালিক তার ছেলেকে কিছু না বলে উল্টো নির্যাতিত শিশুদের অবিভাবকদের বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করে। পরে ঘটনাটি র্যাবকে জানালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল শিশুগুলো উদ্ধার করে এবং উক্ত কারখানার মালিকসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় র্যাবের আভিযানিক দল শিশুদের নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও চিত্র উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি