মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না
অভিনয়-মডেলিংয়ের আড়ালে অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে সে যেই হন, সেই দায় তাকেই নিতে হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সরকারি বাসভবনে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকে সমৃদ্ধ করে ও অনেকে জীবিকাও নির্বাহ করে। কিন্তু এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তিনি যেই হন, সেই দায় তো তাকে নিতেই হবে।
এ ধরনের অভিযোগে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে শিল্পাঙ্গনে কোনো বিরূপ প্রভাব পড়বে না উল্লেখ করে ড. হাছান বলেন, অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যে কারোর বিষয়ে সবসময়ই আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে। এতে পুরো অঙ্গনের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।
বার্তাবাজার/পি