ক্রয় কমিটির বৈঠকে অক্সিজেন কেনার বিষয় অনুমোদন দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
করোনায় অক্সিজেনের অভাব দূর করতে ৩০টি অক্সিজেন ট্যাংক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (০৪ আগস্ট) মন্ত্রীসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান। এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে কেনার কথা থাকলেও কত খরচ পড়ছে তা বলেননি তিনি।
ক্রয় কমিটির ভার্চুয়াল সভা শেষে অর্থমন্ত্রী বলেন,‘ক্রয় কমিটির বৈঠকে অক্সিজেন কেনার বিষয় অনুমোদন দেওয়া হয়েছে। তবে দাম ও অন্য বিষয়গুলো পরবর্তী সভায় পাওয়ার পর তা জানা যাবে।’
গতকাল ক্রয় কমিটির সভায় অনুমোদনের জন্য উত্থাপিত ১১টি প্রস্তাবের মধ্যে সবগুলোই অনুমোদন পায়। এগুলোর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঁচটি, খাদ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি করে প্রস্তাব ছিল।
এছাড়া বৈঠকে ভারত থেকে আমদানিকৃত ৬০ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি, ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন চাল আমদানিতে খরচ থাকবে ৩৭৭ দশমিক ৮৮ ডলার।
অনুমোদন পাওয়া ১১টি প্রস্তাবের মধ্যে ৯টি প্রস্তাবের জন্য মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৪২ কোটি ৮০ লাখ ২ হাজার ১৭৬ টাকা। এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ব্যয় হবে ৯১০ কোটি ৯৭ লাখ ২৮ হাজার ৬৯৯ টাকা এবং বিশ্বব্যাংক ও দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৪৩১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৭৭ টাকা।
বার্তা বাজার/এম