মাদক ও পর্নোগ্রাফির অভিযোগে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ৪ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাব। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টায় র্যাব সদরদফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, নায়িকা পরীমণির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বনানী থানায় মামলাটি দায়ের করা হবে। আজ বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বাসায় অভিযান শেষে রাতে পরীমনিকে আটক করে। আটকের পর তাকে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানেই থাকতে হয় পরীমণিকে। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযানে যায় র্যাব-১ এর সদস্যরা। পরে রাত ৮টার দিকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদসহ পরীমণিকে আটক করে র্যাব সদরদফতরে নেওয়া হয়। এরপর র্যাবের একটি দল রাজের বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে। রাত ১০টার দিকে তার বাসা থেকে জব্দ করা মাদক ও সরঞ্জাম গণমাধ্যমকর্মীদের সামনে নিয়ে আসেন র্যাব-১ এর সদস্যরা। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।
বার্তাবাজার/পি