টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, আহত অর্ধশত

ছবি- সংগৃহীত

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ক্রসলাইন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের উপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এতে অন্তত অর্ধশতাধিক শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে উপজেলার ভাদাম এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করলে এ ঘটনা ঘটে।

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সকাল থেকেই শ্রমিকরা কারখানার মূলফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট, ৫৮ রাউন্ড শটগান ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *