ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই ডেঙ্গু, করোনা থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন করতে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প, দক্ষিণখান এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন কার্যক্রমে প্রধান মন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ডেঙ্গু রোগের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই ডেঙ্গু, করোনা থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন করতে কাজ করতে হবে।
মেয়র বলেন, সুস্থতার জন্য সুস্থ পরিবেশের কোন বিকল্প নাই, আর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সংক্রান্ত সামাজিক আন্দোলনে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এই স্লোগানটিকে বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি।
ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি- যেকোন ভবনেই এডিসের লার্ভার উপস্থিতি পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেছেন।
আতিকুল ইসলাম আরও বলেন, নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বর্ধিত নগরীর নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক, অবকাঠামো এবং ড্রেনেজ ব্যবস্ত্রহা নির্মাণ ও উন্ন্যনের জন্য প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে।
মেয়র দাবি করেন, নগরীর জলাবদ্ধতা নিরসন ও দূষণ রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অন্যান্য বছর সামান্য বৃষ্টিতেই ডিএনসিসির বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে যেতো, জলজটে নগরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিতেও নগরবাসীকে জলজট সমস্যায় ভুগতে হয়নি।
তিনি বলেন, “মাস্ক আমার, সুরক্ষা সবার”, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আমাদের প্রত্যেককেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
বক্তৃতা শেষে প্রধান অতিথি হিসেবে ডিএনসিসি মেয়র দক্ষিখান এলাকায় মশক নিধনে চিরুনী অভিযান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং তাঁর উপস্থিতিতেই একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এরপর মোঃ আতিকুল ইসলাম নগরবাসীর মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত খোলা ট্রাকে করে ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের দক্ষিণখানসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
বার্তা বাজার/এসবি