দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১২টা থেকে ১০ আগস্ট (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলো।
তবে শিল্পকারখানা ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল এই বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করবে।
এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বিধিনিষেধের মেয়াদ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট করা হয়েছে। ১১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট খুলবে, চলবে গণপরিবহন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশে গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন জারি করে সরকার। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১২ টায় লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তা আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
বার্তা বাজার/নব