বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন থামছেই না। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। একদিনে বরিশাল বিভাগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
এছাড়াও এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৫৮ জনের। এ বিভাগে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড এটি।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে বরিশালে চারজন, বরগুনায় চারজন, ভোলায় তিনজন, ঝালকাঠিতে তিনজন ও পিরোজপুরে একজন রয়েছেন।
এ বিভাগে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ১৭০ জন।
বার্তা বাজার/নব