ঢালিউড ইন্ডাস্ট্রীর আলোচিত অভিনেত্রী পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক এবং অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে বলে জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে লিগ্যাল এন্ড মিডিয়া উইংএর পরিচালক খন্দকার আল মঈন নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে বলে জানা গেছে।
তিনি বলেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরীমনি ও রাজকে আটক করা হয়েছে। র্যাব তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলে সেই মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হবে।
তাদের বিরুদ্ধে কি মামলা হবে জানতে চাইলে তিনি বলেন,মামলার পরে বিস্তারিত জানানো হবে।
বুধবার (০৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজের বাসায় র্যাব অভিযান চালায়। ২ ঘন্টা অভিযান শেষে তাকে আটক করা হয়।
এর আগে, বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। সন্ধ্যার তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের সদর দফতরে নিয়ে যাওয়া হয়। পরীমনির বাসায় দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া গেছে বলে একটি সূত্র থেকে জানা গেছে। এছাড়াও মিলেছে সর্বনাশা মাদক ইয়াবা,এলএসডি ও আইসও।
বার্তা বাজার/এসবি