এডিস মশার বিস্তার প্রতিরোধে চসিকের অভিযান
চট্টগ্রামে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার্থে এডিস মশার বিস্তার প্রতিরোধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বুধবার (৪ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনের নিচে জমে থাকা পানি পাওয়ায় কয়েকটি ভবন মালিককে জরিমানা করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, জমে থাকা পানি হতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিস মশার বিস্তার প্রতিরোধ করতেই নগরীতে বিভিন্ন এলাকায় জমানো পানি নিষ্কাশনে সচেতনা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ হতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো জানান, বুধবার (৪ আগস্ট) পরিচালিত অভিযানে আবদুল করিম সাহিত্যবিশারদ সড়ক ও দামপাড়া সিডিএ অ্যাভিনিউ এলাকায় দুইটি নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা পানি পাওয়ায় ভবন মালিকদের ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে নূর আহমদ রোড, জাকির হোসেন সড়ক, নাসিরাবাদ গার্লস স্কুল রোড, পলিটেকনিক রোড, ষোলশহর, নাসিরাবাদ হাউজিং সোসাইটি ও সুগন্ধা আবাসিক এলাকায় করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া লালখান বাজার, ওয়াসা মোড়, দামপাড়া, জিইসি, চট্টেশ্বরী রোড, প্রবর্তক মোড়, গোলপাহাড়, ব্যাটারি গলি ও সার্সন রোড এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস পরিচালিত অভিযানে ৬ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ৫ জুলাই হতে চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের একটি গবেষক দল গবেষণা করে নগরীর ১৫টি স্পটে এডিস মশার লার্ভা সনাক্ত করে গতকাল মঙ্গলবার (০৩ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নিকট প্রতিবেদন জমা দেয়। যার পরিপ্রেক্ষিতে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার্থে আজ চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ হতে উক্ত অভিযান পরিচালিত হয়।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি