কালভার্টের মুখ খুলে গিয়ে লোকালয়ে পানি, ২০০ পরিবারকে খাদ্য সহায়তা
চট্টগ্রামের কোরিয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) হ্রদের পাইপ কালভার্টের মুখ খুলে গিয়ে লোকালয় প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কেইপিজেডের গলফের মাঠের পূর্ব পাশে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃষ্টির কারণে কেইপিজেডের হ্রদগুলোতো পানি বৃদ্ধি পেয়েছে। পানির চাপ বাড়ায় একটি হ্রদের পাইপ কালভার্টের মুখ খুলে গেলে মুহুর্তেই পানি প্রবেশ করে দৌলতপুর এলাকায়। ওইসময় গ্রামের পুকুর, জলাশয় ভেসে যায় আর ফাটল দেখা যায় মাটির ঘরে।
ঘটনার পরে খবর পেয়ে রাতেই রিংটি বন্ধ করে কেইপিজেড কতৃপক্ষ। ওইসময় ঘটনাস্থল উপস্থিত হন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী ও ইউএনও শাহিনা সুলতানা। পরে আজ বুধবার বিকালে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) এজিএম মুশফিকুর রহমান বলেন, আমরা ক্ষয়ক্ষতি চিহ্নিত করে ক্ষতিপূরণ দিবো। আজ বুধবার বিকালে আপাতত ২০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে স্থানীয় চেয়ারম্যানের কাছে।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা জানান, রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আপাতত খাদ্যসামগ্রী দেওয়া হবে।
হুমায়ূন কবির শাহ্ সুমন /বার্তা বাজার/এসবি