নান্দাইলে জমি নিয়ে বিরোধে দায়ের কুপে যুবক খুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে প্রতিপক্ষের দায়ের কুপে সুমন আকন্দ (২৮) নামে এক যুবক খুন হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে উত্তর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সুমন ওই গ্রামের আব্দুল আজিজ আকন্দের পুত্র। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর রসুলপুর গ্রামের আব্দুল আজিজের সাথে একই গ্রামের মাসুদ আকন্দের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজিজ ও মাসুদ সম্পর্কে চাচা-ভাতিজা হয়।
বুধবার সকাল ১১টার দিকে মাসুদ বিরোধের জমিতে ধানের চারা রোপন করতে গেছে আব্দুল আজিজের পুত্র সুমন বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে বেলা ১২টার দিকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় সুমনকে ধারালো দা দিয়ে কুপালে সে গুরুতর আহত হয়ে মাঠিতে পড়ে যায়। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এই বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর