সাতক্ষীরার আশাশুনিতে বিজ্ঞানী স্যার খ্যাত গোলাম মোস্তফার ইন্তেকাল

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এ.বি.এস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসর প্রাক্তন শিক্ষক মৌলভী গোলাম মোস্তাফা বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রজিউন)। ৮৮ বছর বয়সে বুধবার (৪ আগস্ট) রাত ২:০১ টায় তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৌলভী গোলাম মোস্তাফা উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের মৃত মোসলেম আলী সানার বড় পুত্র। তিনি ৫ ছেলে ও ৩ কণ্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোক বিরাজ করছে। তার ছেলে মাওঃ মহিব্বুল্লাহ জানান, বয়সের ভারে এমনিতেই তিনি ন্যুজ ছিলেন তবে বেশ কয়েকদিন ধরে শয্যাশায়ী হয়ে পড়েন।

মরহুমের চাচাত ভাই মাওঃ আফজাল হোসেন বলেন, অবাক বিষয় হল, তিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও হাজার হাজার আলেমকে শিক্ষা দান করেছেন। তার মৃত্যুতে আমাদের সম্প্রদায় অভিভাক শুন্য হয়ে পড়েছে।

কর্মজীবনে তিনি দীর্ঘদিন প্রতাপনগর এ.বি.এস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় শিক্ষকতা করেন। ভূগোল, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান ও ইংরেজী প্রভৃতি বিষয়ে তার জ্ঞানের পরিধি বিবেচনায় সমসাময়ীক যুগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে “বিজ্ঞানী স্যার“ উপাধিতে ভূষিত করেন।

এ দিকে মরহুম এ শিক্ষকের মৃত্যুতে প্রতাপনগর এ.বি.এস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গোলাম মোস্তাফা স্যারের মৃত্যুতে প্রতাপনগর তথা আশাশুনিবাসি একজন জ্ঞানগুরুকে হারিয়েছেন। এছাড়া তাঁর রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

বুধবার যোহরের নামাজের পর ২:২৫ টায় তাঁর নামাজে জানাজা শেষে প্লাবিত পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের বড় ছেলে মাওঃ নুরুল্লাহ তাঁর জানাজা নামাজে ইমামতি করেন। তাঁর জানাজায় সহকর্মী, অগণিত শিক্ষার্থী, সুধীজন ও জন প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর