ঠাকুরগাঁয়ে চোলাই মদসহ দম্পতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ বুদু একা (৩৫) ও তার স্ত্রী সুধা তৎপর (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ আগস্ট) ভোর রাতে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিপুল পরিমাণ চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ি দিনাজপুর থেকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক দিয়ে ঠাকুরগাঁও রোড এলাকায় আসছেন। পুলিশ সদর উপজেলার মাদারগঞ্জ বাজারে গিয়ে অবস্থান করাকালে সন্দেহজনক একটি ইজিবাইককে থামতে বলে।

ইজিবাইকটি না থেমে সজোরে চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে। ইজিবাইক তল্লাশি করে ৩টি পুরাতন সিমেন্টের বস্তায় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৬০ লিটার চোলাই মদ জব্দ করে ও ইজিবাইকটিকে আটক করে।

এ সময় মাদক ব্যবসায়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ফুটকিবাড়ী সরকারপাড়া গ্রামের বুদু একা ও তার স্ত্রী সুধা তৎপরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর থানার এসআই হাফিজুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। বুদু একা ও সুধা তৎপর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানায় পুলিশ।

এস. এম. মনিরুজ্জামান মিলন /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর