সোমালিয়ায় বোমা হামলায় ২০ খেলোয়াড় নিহত

যুদ্ধবিধ্বস্ত দেশ সোমালিয়ায় বোমা হামলা যেন রোজকারের ঘটনা। ‘আফ্রিকার শিং’ খ্যাত দেশটির সরকার ব্যবস্থা উৎখাত করে নিজেদের শাসন প্রতিষ্ঠায় আল শাবাব সোমালিয়া এবং এর আশপাশে বেশ কয়েকটি দেশে প্রায়ই এ ধরনের হামলা চালায়। তবে এবার সন্ত্রাসীদের গাড়ি বোমা হামলার বলি হতে হলো ২০ খেলোয়াড়কে।

সোমালিয়া প্রিমিয়ার লিগ ক্লাব ‘জেসিসিআই এফসি’ জুব্বাল্যান্ড শহর থেকে প্রাক মৌসুম ক্যাম্পে যোগ দিতে কিসিমিয়ো সিটিতে যাওয়ার পথে বাসে বোমা হামলার ঘটনা ঘটে। এতে তাদের অন্তত ২০ খেলোয়াড় নিহত হয়। ঘটনাটি ঘটেছে গত ৩১ জুলাই।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বলছে, এটি একটি পূর্বপরিকল্পিত বোমা হামলার ঘটনা। সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি মোহামেদ এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং এ ঘটনার জন্য আল শাবাব জঙ্গীগোষ্ঠীকে দায়ী করেছেন।

এর আগে দেশটির রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরও অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন। বিস্ফোরণের পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর