টিকা না নিয়ে চলাফেরায় শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
করোনার টিকা নেয়া ছাড়া আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের উর্ধ্বে কেউ বাইরে বের হলে শাস্তি পেতে হবে বলে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার (৪ আগস্ট) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, টিকা ছাড়া চলাফেরায় শাস্তির সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। বক্তব্যটি সংশোধন করা হয়েছে। এটা তো সম্ভব নয়। এটা পর্যায়ক্রমে হবে। ওই পর্যায়ে আমরা ভবিষ্যতে যাব। আরো টিকা দেয়ার ব্যবস্থা করে এ সিদ্ধান্ত আমরা নেব। আমরা আরো সময় নেব।
তিনি আরও বলেন, টিকা ছাড়া চলাচলের ক্ষেত্রে কবে থেকে শাস্তি আরোপ করা হবে, সেটা আমরা পরে জানাব। যখন সবাইকে টিকা দেয়ার সক্ষমতা অর্জিত হবে, সেটা নিশ্চিত হওয়ার পরই এটা করা হবে।
এর আগে গতকাল (মঙ্গলবার) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেছিলেন, ১১ আগস্ট থেকে টিকা নেয়া ছাড়া ১৮ বছরের বেশি বয়সের কোনো মানুষ বের হলে শাস্তি পেতে হবে।
মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এক বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘টিকা ছাড়া ১৮ বছরের বেশি কেউ ১১ আগস্টের পর হতে বাইরে বের হতে পারবে না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে, বক্তব্যের সেই অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বার্তা বাজার/নব