খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৪৫ জনের।
এর আগে গতকাল (মঙ্গলবার) এ বিভাগে করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৯৪৬ জনের।
বুধবার (৪ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও যশোরে সাতজন, কুষ্টিয়ায় ছয়জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মাগুরায় তিনজন, মেহেরপুরে তিনজন এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৯৬ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৫২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯৬২ জন।
বার্তা বাজার/নব