রাজধানীর উত্তরা পূর্ব থানার হেফাজতে থাকা এক আসামি আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানা হাজতের ভেতর এ ঘটনা ঘটে।
নিহত মো. লিটন (৪৫) বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তাপস চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, গত ৩১ জুলাই পাঁচ হাজার ৮০০পিছ ইয়াবা ট্যাবলেটসহ বিডিয়ার মার্কেটের সামনে থেকে মো. লিটনকে আটক করে র্যাব। পরে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করে তাকে আসামি হিসেবে বুঝিয়ে দেয়।
পরের দিন তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে তাকে থানা হাজতে নিয়ে আসা হয়।
তিনি বলেন, সোমবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানা হাজতের ভেতর কম্বলের ছেঁড়া অংশ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।
তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি