করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট, চলবে গণপরিবহন।
দোকানপাট খোলার ক্ষেত্রে ব্যবসায়ীদের ভ্যাকসিন নিতে হবে। সীমিত পরিসরে দোকানপাট খোলা হবে।
মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট খোলা হবে। আমরা হয়তো চিন্তা করেছি আগামী ১১ তারিখ থেকে হয়তো দোকান খোলা হবে। একজন কর্মচারীও ভ্যাকসিন ছাড়া কর্মস্থলে আসতে পারবেন না।
এর আগে বেলা সোয়া ১১টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে সভাটি শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত লকডাউন জারি করে সরকার। এবার লকডাউনের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
বার্তা বাজার/নব