বঙ্গবন্ধুর নামে ‘মাচাং’ উদ্বোধন করায় বহিষ্কার যুবলীগ নেতা
বগুড়ায় বঙ্গবন্ধুর নামে ‘বঙ্গবন্ধু মাচাং’ উদ্বোধন করায় বহিষ্কার হয়েছেন যুবলীগ নেতা আনিছার রহমান খলিল। তিনি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
সোমবার (২ আগস্ট) রাতে খলিলকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন।
এর আগে রোববার (১ আগস্ট) বিকেলে গোকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ‘বঙ্গবন্ধু মাচাং’-এর উদ্বোধন করেন।
‘বঙ্গবন্ধু মাচাং’ উদ্বোধনের ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তাকে বহিস্কার করা হয়।
জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
জানা গেছে, যুবলীগ নেতা খলিল আসন্ন ইউপি নির্বাচনে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর তাই তিনি এলাকায় নির্বাচনী কাজ করে বেড়াচ্ছেন। গ্রামের লোকজন নিয়ে আড্ডা দেয়ার জন্য তিনি আশোকোলা দক্ষিণপাড়ায় রাস্তার মোড়ে বাঁশের মাচাং তৈরি করেন। আর সেই মাচাং-এর নাম দেন ‘বঙ্গবন্ধু মাচাং’।
বার্তা বাজার/নব