২ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. জাকিয়া রশীদ শাফি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।
বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব নিশ্চিত করেছেন।
তিনি জানান, সপ্তাহ খানেক আগে জাকিয়া রশীদ (৪৬) করোনাভাইরাসে আক্রান্ত হন। তারপর তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত রোববার তাকে লাইফ সার্পোট (ভেন্টিলেশন) দেয়া হয়।
আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে জাকিয়া রশীদ স্বামী ও এক ছেলে রেখে গেছেন। টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার অধিবাসী জাকিয়া রশীদের স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমান। তিনি ঢাকা সিএমএইচএ কর্মরত।
জাকিয়া রশীদ করোনাভাইরাসের দুটি ভ্যাকসিন নিয়েছিলেন। তার মৃত্যুতে টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত, এর আগে গত ১০ই জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদ আলী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মারা যান। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বার্তাবাজার/পি