আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক মামলা করেছেন।
সোমবার (২ আগস্ট) পল্লবী থানায় আব্দুর রহমান তুহিন বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় জয়যাত্রার টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্লাহ নুরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার বাদী তুহিন অভিযোগ করেন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি দেয়ার নামে হেলেনা ও তার সহযোগীরা মোটা অংকের টাকা নিয়েছিলেন।
পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলেনা জাহাঙ্গীর ও জয়যাত্রার টিভির আরও কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এর আগে গতকাল শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় র্যাব বাদী হয়ে হেলেনা জাহাঙ্গীরের নামে আরও ২টি মামলা করে। এর মধ্যে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এবং অপরটি বিশেষ ক্ষমতা আইনে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জুলাই) হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকুসহ হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়।
বার্তা বাজার/টি