মুর্মূর্ষ রোগীদের রক্তের জোগান দিচ্ছে তরুণরা
মাদারীপুরের রাজৈরে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় এগিয়ে চলেছে এক দল তরুণ। টেকেরহাট ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে মুর্মূর্ষ রোগীদের বাঁচাতে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগস্টিকে ছুটে যায় তারা। দেশে বিদ্যমান ভয়াবহ কোভিড-১৯ পরিস্থিতির মাঝেও থেমে নেই তাদের এ মহতী কার্যক্রম। তাদের এই অক্লান্ত পরিশ্রম ও মানবতার ফলে বেঁচে যাচ্ছে অনেক প্রাণ।
জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টেকেরহাট ব্লাড ডোনার ক্লাব। এটি ২০১৯ সালে মাত্র কয়েকজন সদস্য নিয়ে টেকেরহাট বন্দরকে কেন্দ্র করে স্থাপিত হয়। পরে তাদের কাজে উৎসাহিত হয়ে সদস্য সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এ সংগঠনের সাথে কয়েক শতাধিক সদস্য রয়েছে। তারা দিন-রাত যে কোনো সময় রোগীদের রক্তের প্রয়োজনে এগিয়ে আসছে।
ইতোমধ্যে সংগঠনটির মাধ্যমে প্রায় শতাধিক রোগীকে রক্তদান করা হয়েছে। এই সংগঠনটি মাদারীপুর জেলার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়া সারাদেশে মানবতার ডাকে সাড়া দেওয়ার লক্ষ্যে আশপাশের জেলাগুলোতে কার্যক্রম শুরু করেছে। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা সাপ্তাহিক, মাসিক এবং বিশেষ আলোচনা সভার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সংগঠনটির দায়িত্বে রয়েছেন- আহ্ববায়ক পদে বাহালুল আলম, সিনিয়র স্বেচ্ছাসেবী মো. রবিউল ইসলাম, মো. আল-আমিন শেখ, আশিকুর ইসলাম তুষার, ইমামুল ইসলাম, মো. আমানুল্লাহ ফকির প্রমুখ।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এসবি