ফের ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ককটেল হামলা!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়িতে ফের ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২ আগস্ট) বিকেল ৪ টার দিকে বসুরহাট পৌরসভার রাজাপুরের গ্রামের বাড়িতে এই ককটেল হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সেতুমন্ত্রীর ছোট ভাই শাহাদাত হোসেন।

তিনি বলেন, আমার ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার উদ্দেশ্যে গত (২৮ জুলাই) বুধবার আমেরিকা যান। ভাইয়ের অনুপস্থিতিতে আমার ভাগিনা মাহবুবুর রশিদ মঞ্জুর অনুসারী রাফেল চৌধুরীর নেতৃত্বে ২ টি সিএনজি যোগে ১০-১২ জন সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশ্যে এসে আমাদের বাড়ির সামনে আমাকে না পেয়ে এ ককটেল হামলা চালায়।

স্থানীয়রা জানান, বিকেল ৪ টার দিকে সেতুমন্ত্রীর ছোট ভাই সাহাদাত হোসেন বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান করার পর বসুরহাট বাজারে চলে যান। তিনি যাওয়ার কিছুক্ষণের মধ্যে ২ টি সিএনজি যোগে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির প্রধান ফটকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন সংঘটিত হয়ে বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির সামনে বসুরহাট-দুধমুখা সড়ক থেকে ৫ টি অবিস্ফোরিত ককটেল ও ১ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য,নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের বিবাধমান রাজনৈতিক পরিস্থিতিতে গত (১৬ এপ্রিল) শুক্রবার রাত ১০ টার দিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির প্রধান ফটকে বাদল অনুসারী সবুজের নেতৃত্বে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর