পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় ৪জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২ আগস্ট) বিকেলে র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতারা হলো, মোঃ আনোয়ার হোসেন (১৯), মোঃ কায়সার উদ্দিন (১৮), মোঃ মাহমুদ হাসান ওরফে লাবু (২১) ও মোঃ আমিন ওরফে গুড়া (২০)।
র্যাব সূত্রে জানা গেছে, গত রোববার ( ১ আগস্ট) বিকেল চারটার দিকে পেটের ভিতর পলিথিনে মোড়ানো ৩৮ টি ক্যাপসুলে ১ হাজার ৯শ’১০ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের সময় র্যাব-১০, সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার মেজর ওবায়েদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭ শ’১০ জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/টি