কালিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফেরিওয়ালা আটক

সাতক্ষীরার কালিগঞ্জে খাবার খাওয়ার লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কেনা গাজী (৪০) নামে এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তি উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর এলাকার আবুল গাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত কেনা গাজী পেশায় একজন ফেরিওয়ালা। সেই সুযোগে গত ১ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের মহিষকুড় এলাকার এক বাড়িতে যেয়ে ওই বাড়িতে থাকা তৃতীয় শ্রেণির ছাত্রীকে খাবার খাওয়ার লোভ দেখিয়ে পাশ্ববর্তী এক মৎস্যঘেরে নিয়ে যায়।

এরপর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে ছাত্রীর গোঙ্গানিতে স্থানীয়রা এগিয়ে আসলে কেনা গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সোমবার (২ আগস্ট) সকাল ৯ টার দিকে উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে রতনপুর এলাকা থেকে কেনা গাজীকে আটক করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে দুপুর আড়াইটার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর