কেরানীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসানাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-২ এর একটি দল।
সোমবার (২ আগস্ট) বিকেলে র্যাব-১০ এর মিডিয়াসেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আটটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাজাসহ মোঃ আকরাম হোসেন (২৩) ও মোঃ সাব্বির হোসেন (২৮) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৫শ’ ২০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি